ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ মঙ্গলবার আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

নিরাপত্তার অংশ হিসেবে পুরো এলাকা তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েক দিন ধরেই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চালাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বিশেষ করে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর এসব বিক্ষোভ আরও জোরালো হয়। ওই ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চাকরি ছাড়তে বাধ্য করার পর কারখানার ফ্লোর ইনচার্জ দীপু চন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন। পরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় এবং মরদেহে আগুন দেওয়া হয়।

এই ঘটনায় অভিযান চালিয়ে র‍্যাব ও পুলিশ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে র‍্যাব সাতজন এবং পুলিশ তিনজনকে আটক করেছে।

এদিকে ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ