শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না

শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছান। এর আগে পৌনে ১১টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তারেক রহমান কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আজ তিনি আগের দুই দিনের মতো লাল-সবুজ রঙের বাসে নয়, সাদা রঙের একটি গাড়িতে করে সেখানে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত কেউ না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় বিপুল জনসমাগম ঘটে। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সভায় সারা দেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচি শেষে তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে যান।

সর্বশেষ সংবাদ