আইসিসির আহ্বান উপেক্ষা করল ভারত, পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক

আইসিসির আহ্বান উপেক্ষা করল ভারত, পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক

আবারও পাকিস্তান অধিনায়কের সঙ্গে করমর্দনের সৌজন্যতা এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক। আজ দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি ভারতের আয়ুশ মাহাত্রে।

সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ঘটনা একাধিকবার ঘটলেও সেগুলো মূলত জাতীয় দল পর্যায়ে সীমাবদ্ধ ছিল। বয়সভিত্তিক ক্রিকেটে রাজনৈতিক বিষয় এড়িয়ে দুই দলের মধ্যে সৌজন্যতা বজায় রাখার আহ্বান জানিয়েছিল আইসিসি। তবে সেই আহ্বানকে গুরুত্ব দেয়নি ভারত।

দীর্ঘদিন ধরে টসের সময় দুই অধিনায়ক এবং ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দনের রীতি প্রচলিত থাকলেও গত সেপ্টেম্বরে এশিয়া কাপে সেখান থেকে সরে আসে ভারত। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই আসরে ফাইনালসহ তিনবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। প্রতিবারই ‘নো হ্যান্ডশেক’ নীতি অনুসরণ করে ভারত। এ সিদ্ধান্তের পেছনে এপ্রিল–মে মাসে পাকিস্তানের সঙ্গে জড়ানো সামরিক উত্তেজনার কথা উল্লেখ করেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

জাতীয় পুরুষ দলের পর নভেম্বরে নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান। একই মাসে দুই দেশের ‘এ’ দলের এশিয়া কাপ রাইজিং স্টারস ম্যাচেও একই দৃশ্য দেখা যায়।

তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এমন ঘটনার পুনরাবৃত্তি না চাইতেই বিসিসিআইকে অনুরোধ করেছিল আইসিসি। তিন দিন আগে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, জুনিয়র পর্যায়ের ক্রিকেটে রাজনীতিকে দূরে রাখতে চায় আইসিসি। এ বিষয়ে অবগত বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘হাত না মেলানোর বিষয়টি একদিকে খারাপ দেখায়, অন্যদিকে এটি জনমতের সঙ্গেও জড়িত।’

আজ দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টসের সময় দেখা যায়, মাহাত্রে ও ইউসুফের মধ্যে কোনো করমর্দন হয়নি। টসে জেতার পর পাকিস্তান অধিনায়ক সঞ্চালকের সঙ্গে কথা বলতে সামনে এগিয়ে যান, আর পেছনে দাঁড়িয়ে থাকেন মাহাত্রে। কথা শেষ করে ইউসুফ সরে যান।

আট দলের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছে, আর পাকিস্তান মালয়েশিয়ার বিপক্ষে জিতেছে ২৯৭ রানে।

সর্বশেষ সংবাদ